সাতকানিয়ায় শিবিরের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাশকতার পরিকল্পনার অভিযোগে গত বুধবার গভীর রাতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তালগাঁও থেকে ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার আরফাতুর রহমান চৌধুরীর (২০) বাড়ি উপজেলার চরতি ইউনিয়নের পশ্চিম বামনডাঙ্গা গ্রামে। তিনি পশ্চিম সাতকানিয়া সাংগঠনিক থানা ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক। আর গ্রেপ্তার মো. ওমর ফারুকের (২২) বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখীল গ্রামে। তিনি চরতি ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, চরতি ইউনিয়নের তালগাঁও গ্রামের একটি ফোরকানিয়া মাদ্রাসায় ছাত্রশিবিরের ২৫-৩০ জন নেতা-কর্মী জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করতে বৈঠকে মিলিত হচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে গত বুধবার গভীর রাতে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবিরের অন্য নেতা-কর্মীরা পালিয়ে গেলেও পুলিশ দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ফোরকানিয়া মাদ্রাসার অফিসকক্ষ থেকে একটি কিরিচ, চারটি ছুরি, প্রচারপত্র, ব্যানার ও তিন শতাধিক ধর্মীয় উসকানিমূলক বই উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।