সাতকানিয়ায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডলু সেতু-বাঁশখালী সড়কের ছনখোলা কাটা পাহাড় এলাকায় গত রোববার রাতে ব্যারিকেড দিয়ে অন্তত ১৭টি সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল থামিয়ে ডাকাতি করেছে ডাকাত দল।
এ সময় ডাকাতেরা যাত্রীদের অস্ত্রের ভয় দেখিয়ে মুঠোফোন ও টাকাসহ মালামাল লুট করে নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের ওপর সীমানাপিলারে ব্যারিকেড দিয়ে এবং অস্ত্রের মুখে সাতকানিয়া থেকে বাঁশখালীগামী এবং বাঁশখালী থেকে সাতকানিয়া অভিমুখী উভয় দিকের গাড়িগুলো গত রোববার রাত আনুমানিক নয়টার দিকে থামিয়ে ১৫-২০ জন মুখোশ পরিহিত ডাকাত অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীদের ভয় দেখিয়ে সবকিছু ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আবদুল করিম ও মোটরসাইকেল আরোহী সলিম উল্লাহ সাংবাদিকদের জানান, আমরা ছনখোলার কাটা পাহাড় এলাকায় পৌঁছালে ডাকাতের কবলে পড়ি। ডাকাত দল অস্ত্রের ভয় দেখিয়ে মুঠোফোন ও নগদ টাকা লুট করে দক্ষিণের পাহাড়ের দিকে চলে গেছে। এ সময় ডাকাত দল প্রায় ১৭টি অটোরিকশা ও মোটরসাইকেল ডাকাতি করেছে।