সাতকানিয়ায় সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ কর্মী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ফুলতলা বাজার এলাকায় আজ শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল উদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

জামাল উপজেলার এওচিয়া ইউনিয়নের শান্তিরটেক দক্ষিণ শরীফপাড়া এলাকার মীর আহমদ ওরফে বাঁশির ছেলে। তিনি এওচিয়া যুবলীগের কর্মী ছিলেন।

এ ঘটনার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামায়াত-শিবিরকে দায়ী করছেন। তবে শিবিরের দাবি, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে জামাল উদ্দিন খুন হয়েছেন।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, রাতে ফুলতলা বাজারে একটি দোকানের সামনে জামাল উদ্দিন বসে ছিলেন। রাত পৌনে আটটার দিকে দুটি সিএনজি অটোরিকশা যোগে আট-দশজন মুখোশধারী সন্ত্রাসী এসে জামালকে লক্ষ্য করে গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় যুবলীগ নেতা মোহাম্মদ আলম বলেন, জামালসহ তাঁরা কয়েকজন বাজারে বসে প্রয়োজনীয় আলাপ করছিলেন। হঠাৎ কয়েকজন সন্ত্রাসী এসে জামালের ওপর গুলি চালায়। এ ঘটনার জন্য শিবিরকে দায়ী করেন তিনি।

সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী দাবি করেন, ‘জামাল এওচিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী। তিনি ব্যক্তিগত কাজে ফুলতলা বাজারে অবস্থান করার সময় শিবিরের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁকে গুলি করে হত্যা করেছে।’

সাতকানিয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. তৌফিক এলাহি মোবাইল ফোনে বলেন, যুবলীগের অভ্যন্তরীণ কোন্দলে জামাল উদ্দিন নিহত হয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন জানান, ‘জামালকে শিবিরের সন্ত্রীরাই হত্যা করেছে বলে আপাতত ধারণা করা হচ্ছে।’

এর আগে ২০১৪ সালের মার্চ মাসের প্রথম সপ্তাহে একই এলাকায় একই সময়ে শিবিরের গুলিতে হাসান নামে আর এক যুবলীগ কর্মী নিহত হয়েছিল।