সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' জামায়াত কর্মী গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের বাবুনগর এলাকায় গত রোববার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জামায়াতের কর্মী মো. এনাম (৩২) আহত হয়েছেন।
মো. এনামের বাড়ি উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলীর আলীনগর এলাকায়। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।
সাতকানিয়া থানার পুলিশের ভাষ্যমতে, শনিবার ভোরে মাদার্শা ইউনিয়নের মক্কারবাড়ি এলাকা থেকে মো. এনামকে গ্রেপ্তার করা হয়। রোববার দিবাগত রাত দেড়টার দিকে এনামের দেওয়া তথ্যমতে পুলিশ বাবুনগর এলাকায় অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে সাত-আটটি গুলি ছোড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১২টি গুলি করে। দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় এনাম বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। পরে ঘটনাস্থল থেকে দেশে তৈরি একটি দোনলা বন্দুক, দুটি গুলি ও একটি কিরিচ উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, এ ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত ও ফজলুল হক, সহকারী উপপরিদর্শক (এএসআই) আনসারুল হক এবং কনস্টেবল মো. আলাউদ্দিন আহত হন। তাঁদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মো. এনামের ছোট বোন ওয়াহিনা আক্তার বলেন, শনিবার ভোরে এনাম মক্কারবাড়ি এলাকায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ওই সময় পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। গতকাল সোমবার ভোরে তাঁরা জানতে পারেন, এনাম পায়ে গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক মোহাম্মদ আজাদ চৌধুরী বলেন, জামায়াতের কর্মী এনামকে পুলিশ ধরে নিয়ে পায়ে গুলি করেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, মো. এনামের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সহিংসতা সৃষ্টি, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ওপর আক্রমণসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা আছে।