সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা পরিষদের জামায়াত-সমর্থিত চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার কেরানীহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ইসলামী ব্যাংকের কেরানীহাট শাখায় গতকাল অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জসিম উদ্দিন। সেখান থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।
জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০১৩ সালের একটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক, পুলিশের ওপর হামলাসহ নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়া ও জড়িত থাকার অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানান সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যার পর উপজেলার কেরানীহাট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।