সাতকানিয়ায় ভোটকেন্দ্রের বাইরে গুলিতে নিহত ১
চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের সময় গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। অনিয়মের অভিযোগ তুলে সাতকানিয়া পৌরসভার নির্বাচন বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি।
আজ বুধবার সকাল ১০টার দিকে সাতকানিয়া সরকারি কলেজ ভোটকেন্দ্রের পূর্বপাশে কলেজ হোস্টেলের দক্ষিণ-পূর্বকোণে ওই সংঘর্ষ-গুলির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাউন্সিল প্রার্থী আবদুল হালিম ও মোজাম্মেল হকের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
গুলিতে নিহত ব্যক্তির নাম নুরুল আমিন (৪৭)। তাঁর বাবার নাম আবদুর রহিম। বাড়ি পৌরসভার একই ওয়ার্ডে।
নিহত ব্যক্তির স্বজনদের ভাষ্য, নুরুল আমিন কক্সবাজারের মহেশখালীতে লেপ-তোশকের ব্যবসা করতেন। তিনি পৌর নির্বাচন উপলক্ষে বাড়িতে আসেন। সাতকানিয়া সরকারি কলেজ কেন্দ্রের ভোটার ছিলেন তিনি।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্বজনদের ভাষ্য, গুলিবিদ্ধ অবস্থায় নুরুল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাঁকে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তানিজা ফারনাজ বলেন, নিহত ব্যক্তির বুকের ডান পাশে গুলির চিহ্ন রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সাতকানিয়া থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জুলুস খান পাঠান বলেন, ভোটকেন্দ্রের বাইরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে কোনো এক পক্ষের গুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নাম প্রকাশ না করে একাধিক প্রত্যক্ষদর্শী বলেন, ভোটে আধিপত্য বিস্তার করা নিয়ে দুই কাউন্সিল প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে গুলিতে আহত হন নুরুল আমিন। কোন পক্ষ বা কে গুলি ছুড়েছে, তা জানাতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার বিষয়ে দুই কাউন্সিল প্রার্থী আবদুল হালিম ও মোজাম্মেল হকের বক্তব্য প্রাথমিকভাবে নেওয়া সম্ভব হয়নি।
সাতকানিয়া পৌরসভা নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ এনেছে বিএনপি। দলটির মেয়র প্রার্থী রফিকুল আলমের নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক শেখ মুহাম্মদ মহিউদ্দিন আজ দুপুরের দিকে ওই অভিযোগ তোলেন। তিনি বলেন, নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচন দিতে হবে।