সাতকানিয়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত এলাকার কেঁওচিয়া বন গবেষণাকেন্দ্রের পরিত্যক্ত এক নার্সারি শেড থেকে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সাতকানিয়া থানার পুলিশ ছোরার আঘাতে ক্ষত-বিক্ষত অবস্থায় লাশটি উদ্ধার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক ইয়াসির আরাফাত জানান, পথচারী প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে বন গবেষণাকেন্দ্রের পরিত্যক্ত নার্সারি শেড থেকে জিনস প্যান্ট ও কালো রঙের শার্ট পরিহিত যুবকের লাশটি উদ্ধার করা হয়। আরাফাত বলেন, যে স্থানটি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে, ওই স্থানে জুয়া খেলার আসর বসার আলামত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, জুয়া খেলাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে অথবা তাঁকে অন্য কোথাও হত্যা করে এখানে এনে ফেলা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।