সাতকানিয়ায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পাহাড়তলী আলিনগর গ্রাম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. জহির আহমদ (৩৭) ও মো. আমিনুল ইসলাম (৩২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জহির আহমদের বাড়ি উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলিনগর গ্রামে। আর আমিনুল ইসলামের বাড়ি উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের আচারতলী এলাকায়।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জহির ও আমিনুল এলাকায় জামায়াতের সন্ত্রাসী হিসেবে পরিচিত। তাঁদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গতকাল সোমবার ভোরে পাহাড়তলী আলিনগর গ্রামের একটি বাড়ি থেকে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী জহির আহমদকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যমতে ওই এলাকার আরেকটি বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি বন্দুক ও ১২টি গুলিসহ আমিনুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার এসআই নাজমুল হক বলেন, জহির আহমদের বিরুদ্ধে থানায় ২০টি মামলা আছে। তিনি অস্ত্র কেনাবেচার সঙ্গেও জড়িত। আমিনুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা আছে।