সাতকানিয়ায় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়ায় অস্ত্রসহ মো. শফিউল্লাহ চৌধুরী (৩২) নামের যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শফিউল্লাহ উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের অর্থবিষয়ক সম্পাদক। তাঁর বাড়ি উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া গ্রামের চেয়ারম্যানপাড়ায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার ছদাহা ইউনিয়নের সিকদারের দোকান এলাকার রেস্তোরাঁর সামনে এক ব্যক্তি অস্ত্র বিক্রির জন্য অপেক্ষা করছেন, এমন তথ্য ছিল পুলিশের কাছে। পরে অভিযান চালিয়ে শফিউল্লাহ চৌধুরীকে আটক করা হয়। তাঁর দেহ তল্লাশি করে কোমরে গুঁজে রাখা একটি বিদেশি পিস্তল ও ছয়টি গুলি উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, শফিউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হবে।