সাতকানিয়ায় আ.লীগ নেতার বাড়ি থেকে গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের এক নেতার বাড়ি থেকে বন্দুকের ৩২টি গুলি, ২৮ গুলির খোসা, গুলি রাখার বেল্ট, বন্দুকের কাভার ও একটি এয়ারগান উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম ওরফে মানিকের এওচিয়া ইউনিয়নের ছনখোলা এলাকায় বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাঁর নামে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে বলে পুলিশ জানায়। ৮ জানুয়ারি তাঁর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, আনোয়ারা বেগম হত্যা মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের আদেশে মানিকের বাড়িতে অভিযান চালানো হয়। এতে অংশ নেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. হেলাল উদ্দিন ফারুকী।
মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ৭ জানুয়ারি রাতে দুর্বৃত্তের গুলিতে আনোয়ারা বেগম নিহত হন। পরদিন মেয়ের শ্বশুর হাফেজ আহমদ বাদী হয়ে মানিককে প্রধান আসামি করে হত্যা মামলা করেন। মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামির স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে ও আদালতের আদেশে পুলিশ মানিকের দোতলা বাড়ি তল্লাশি করে গুলি, গুলির খোসা, গুলির তিনটি বেল্ট, বন্দুকের তিনটি কভার ও এয়ারগান উদ্ধার করে।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফরুকী বলেন, মামলা তদন্তের স্বার্থে ও আদালতের আদেশে আসামির বাড়ি তল্লাশি করা হয়েছে।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, মানিকের নামে দুটি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তাঁর বাড়িতে যে গুলি ও বন্দুকের সরঞ্জাম পাওয়া গেছে, তা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান বলেন, হত্যায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।