সাতকানিয়ায় আসামি গ্রেপ্তার অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ আবদুল করিম ওরফে কমরু (৩৫) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্র উদ্ধার করা হয়। গত সোমবার দিবাগত রাতে বাঁশখালী উপজেলার ভোলারঘাটা নামক এলাকা থেকে আবদুল করিমকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, আবদুল করিম যুবলীগের কর্মী আলমগীর হত্যা মামলার পলাতক আসামি। এ মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। তা ছাড়া আবদুল করিমের বিরুদ্ধে সন্ত্রাস ও পুলিশের ওপর হামলার অভিযোগে তিনটি মামলা আছে।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, আবদুল করিমের বাড়ি উপজেলার এওচিয়া ইউনিয়নের চূড়ামনি এলাকায়। তিনি ওই এলাকার আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের গ্রামে সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আবদুল করিমের দেওয়া তথ্যের ভিত্তিতে চূড়ামনি আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি বাড়ি থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়।