সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাড়িতে চুরি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ছোট হাতিয়া গ্রামের বাড়িতে গত শুক্রবার রাত নয়টার দিকে চুরি সংঘটিত হয়েছে।
এ সময় চোরের দল ভবনের ভেন্টিলেটর ও দরজা ভেঙে ভেতরে ঢুকে আলমিরায় রক্ষিত নগদ ১০ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে অসিউর রহমান (৪৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক নয়টার দিকে ওই ইউনিয়নের চেয়ারম্যান নূর আহমদের দুই তলা বাড়িতে একদল চোর হানা দেয়। চোরের দল ভবনের ভেন্টিলেটর ও দরজা ভেঙে ভেতরে ঢোকে টাকা লুট করে নিয়ে যায়। এ সময় চেয়ারম্যান ও এলাকার লোকজন শবে কদরের নামাজ ও জিকির নিয়ে স্থানীয় মসজিদে প্রার্থনারত ছিলেন।
চেয়ারম্যান নূর আহমদ বলেন, ‘গত শুক্রবার এলাকার গরিব লোকজনকে জাকাতের টাকা দেওয়ার জন৵ নগদ ১০ লাখ টাকা নিয়ে গ্রামের বাড়িতে আসি। পরে রাতের বেলা তারাবিহ্ ও শবে কদরের নামাজ শেষে বাড়িতে ফিরে দেখি ভেন্টিলেটর ও দরজা ভাঙা এবং আলমিরায় রক্ষিত টাকাগুলো নেই।’
জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সম্ভবত চেয়ারম্যানের পরিচিত লোকজনের মধ্যে কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান এ ঘটনায় এখনো কোনো অভিযোগ করেননি। তার পরও পুলিশ বিষয়টি তদন্ত করে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।