চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশের পৃথক অভিযানে ৬ হাজার ৫০০ ইয়াবা বড়ি ও ৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। দুটি অভিযানে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে দোহাজারী হাইওয়ে থানা ও সাতকানিয়া থানার পুলিশ পৃথকভাবে এসব অভিযান চালায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কক্সবাজারের উখিয়ার মো. ইউনুচ, মো. জসিম উদ্দিন, কুমিল্লার মুরাদনগরের শফিক মিয়া ও সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোহাম্মদ রিদুয়ান।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে হাইওয়ে থানার একটি দল গোপন তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলবীর দোকান এলাকায় অভিযানে যান। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৮০০ ইয়াবা বড়ি পাওয়া যায়। এ ঘটনায় চালক মো. ইউনুচ ও সহকারী জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাত ১০টার দিকে থানার একদল পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানীহাট এলাকায় তল্লাশিচৌকি বসায়। এ সময় একটি কারে (ব্যক্তিগত গাড়ি) তল্লাশি চালিয়ে ২ হাজার ৭০০টি ইয়াবা বড়িসহ শফিক মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কারটি জব্দ করা হয়েছে। শফিক মিয়া গাড়িটি চালাচ্ছিলেন। এ ছাড়া উপজেলার নয়াপাড়া এলাকায় রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেনসিডিলসহ মোহাম্মদ রিদুয়ান নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি বলেন, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধারের ঘটনায় পৃথক মামলা হয়েছে। গ্রেপ্তার করা চার ব্যক্তিকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে।