সাতকানিয়ায় ইয়াবাসহ ভ্যান জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থেকে গত বৃহস্পতিবার রাতে পাঁচ হাজার ইয়াবা বড়িসহ একটি পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার এসআই মো. রুহুল আমিন বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মিনি পিকআপ ভ্যানে করে ইয়াবা পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে কেরানীহাটের উত্তর পাশে তল্লাশিচৌকি বসানো হয়। রাত একটার দিকে একটি পিকআপ ভ্যান আসতে দেখে সেটিকে থামার সংকেত দেওয়া হয়। তবে ওই পিকআপ ভ্যানের চালক সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে চট্টগ্রামের দিকে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে থানার পুলিশ গাড়ি নিয়ে পিছু নিলে পিকআপ ভ্যানটি একটি ইটভাটার সামনে থেমে যায়। এরপর পিকআপ ভ্যানের চালকসহ দুই ব্যক্তি গাড়ি থেকে নেমে পাশের বিলের দিকে পালিয়ে যান।
রুহুল আমিন বলেন, পিকআপ ভ্যানের চালকের আসনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
সাতকানিয়া থানার এসআই নিজাম উদ্দিন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।