সাতকানিয়ায় ওয়ার্ড আ.লীগ নেতার বাড়ি লক্ষ্য করে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার ছদাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নুরুচ্ছফার বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের শিশুতল গ্রামে তাঁর বাড়ি। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন। গুলির শব্দ শুনে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আমজাদ হোসেন বলেন, গুলি ছোড়ার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। বাড়ির পাশ থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ওই ইউনিয়নের আহমদ ছফা (৪৮) ও মোহাম্মদ আয়ুব (১৯)।

মোহাম্মদ নুরুচ্ছফা দাবি করেন, তাঁকে হত্যার উদ্দেশ্যে জামায়াত-শিবিরের লোকজন বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে। ছদাহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরশেদ আলমও একই কথা বলেছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমির এবং সাতকানিয়ার বাসিন্দা মোহাম্মদ ইছহাক মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে।

এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।