সাতকানিয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তি সম্পর্কে ওই কিশোরীর খালু।

গ্রেপ্তার ব্যক্তির নাম এরফানুল হক (২৬)। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়। আজ বুধবার দুপুরে সাতকানিয়ার পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, এরফানুল হক ও তাঁর শ্বশুর-শাশুড়ি সাতকানিয়ায় একই বাসায় ভাড়া থাকেন। শিশুটিও নানা-নানির সঙ্গে ওই বাসায় থাকত। গত সোমবার রাতে এরফানুল ওই শিশুটিকে ধর্ষণ করেন। আজ সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন এরফানুলকে আটক করে পুলিশে খবর দেন। দুপুর ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

সাতকানিয়ার ঢেমশা পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ধর্ষণের অভিযোগে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন এরফানুল হককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দুপুরে সাতকানিয়া থানায় মামলা হয়েছে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এরফানুলকে কাল বৃহস্পতিবার আদালতে হাজির করা হবে।