সাতকানিয়ায় কৃষককে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে মোস্তাফিজুর রহমান নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার এওচিয়া ইউনিয়নের ছড়ারকুল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, মোস্তাফিজুর রহমানের সঙ্গে তাঁর প্রতিবেশী কয়েক ব্যক্তির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল সকালে মোস্তাফিজ ধানখেতে আগাছা পরিষ্কার করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। পরে দুই পক্ষের মধ্যে জমির মালিকানা নিয়ে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মোস্তাফিজকে কুপিয়ে আহত করা হয়।
মোস্তাফিজুর রহমানের মেয়ের জামাই মোহাম্মদ সেলিম জানান, আমন খেতের আগাছা পরিষ্কার করার সময় প্রতিবেশী দুই ব্যক্তি এসে দাবি করেন, ওই জমির মালিক তাঁরা। তিনি এর প্রতিবাদ করায় দা দিয়ে তাঁর মাথায় আঘাত করেন তাঁরা।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এক ব্যক্তিকে কুপিয়ে আহত করেছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।