সাতকানিয়ায় কৃষককে কুপিয়ে জখম
চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুর জাহের (৫২) নামের এক কৃষককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল বুধবার সকালে উপজেলার উত্তর কাঞ্চনা খরিফাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আবদুর জাহেরের সঙ্গে প্রতিবেশী কয়েক ব্যক্তির জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধপূর্ণ জমিতে আবদুর জাহের বোরো ধানের চাষ করেছেন। গতকাল সকালে তিনি ধান কাটতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ সময় জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কুড়ালের আঘাতে আবদুর জাহের আহত হন। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আবদুর জাহেরের ছোট ছেলে আবুল কালাম বলেন, ওই জমিতে তাঁর দাদাও চাষ করতেন। এ বছর বোরো ধানের চারা রোপণ করার সময় জমির কিছু অংশ কয়েকজন ব্যক্তি তাঁদের বলে দাবি করেন। গতকাল তাঁরা ধান কাটতে বাধা দেন এবং তাঁর বাবাকে কুপিয়ে আহত করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুল মান্নান বলেন, জমির মালিকানা নিয়ে কিছুদিন আগে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। ধারণা করা হচ্ছে, ওই বিরোধের জের ধরে আবদুর জাহেরকে কুপিয়ে জখম করা হয়েছে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) হিরু বিকাশ দে বলেন, ‘জমির মালিকানা নিয়ে এক কৃষককে মারধর করা হয়েছে বলে শুনেছি। অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’