সাতকানিয়ায় গণপিটুনিতে আট ডাকাত আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে আহত সন্দেহভাজন আট ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নাপিতেরচর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইসমাইল, সুমন জলদাশ, কাঞ্চন জলদাশ, সুজিত দাশ, মধু সরদার, রবি কুমার দাশ, লিটন সরদার ও সুজিত দাশ। তাঁদের পুলিশ পাহারায় সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে ৮-১০ জন সশস্ত্র ডাকাত হাজারখীল গ্রামের বজল আহমদের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করলে পাশের বাড়ির লোকজন ডাকাত-ডাকাত বলে চিৎকার করে। এ সময় ডাকাতেরা দুটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে এলাকাবাসী ধাওয়া করে নাপিতেরচর এলাকায় আট ডাকাতকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে ডাকাতদের কাছ থেকে একটি এলজি, তিনটি কার্তুজ, একটি লোহা কাটার যন্ত্র, কিছু ধারালো অস্ত্র ও ডাকাতদের বহনকারী একটি পিকআপ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ হানিফ বলেন, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটে। এ কারণে এলাকার লোকজন সতর্ক ছিলেন। মঙ্গলবার রাতে বজল আহমদের বাড়িতে ডাকাত হানা দেওয়ার সঙ্গে সঙ্গে এলাকাবাসী ডাকাতদের ধাওয়া করে ধরে ফেলেন।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, গ্রামবাসীর সহায়তায় ধাওয়া করে আট ডাকাতকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উত্তেজিত লোকজন ডাকাতদের মারধর করলে তারা সামান্য আহত হয়। গ্রেপ্তার ডাকাতেরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে শরীরে কালি মেখে তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে থানায় দুটি মামলা হয়েছে।