সাতকানিয়ায় গুলিতে আহত ২
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের মৌলানা মালেকের পুকুরপাড় এলাকায় গত রোববার রাতে দুর্বৃত্তের গুলিতে দুই ব্যক্তি আহত হয়েছেন।
আহতরা হলেন চরতি ইউনিয়নের পানি চরতি এলাকার মোহাম্মদ ফারুক (৩৬) ও তাঁর চাচাতো ভাই মোহাম্মদ শাহজাহান (৩২)। তাঁরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
আহত ব্যক্তিদের স্বজন ও পুলিশ জানায়, রোববার রাত সাড়ে আটটার দিকে ফারুক ও শাহজাহান দুরদুরি বাজারে নলকূপের যন্ত্রাংশ কিনে বাড়ি ফিরছিলেন। মৌলানা মালেকের পুকুরপাড় এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁরা গুলিবিদ্ধ হন। গুলির আওয়াজ ও আহত ব্যক্তিদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত ব্যক্তিদের প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুতুব উদ্দিন চৌধুরী বলেন, ‘গুলিবিদ্ধ শাহজাহান ও ফারুক দলের সক্রিয় কর্মী।’
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, পরিকল্পিতভাবে শাহজাহান ও ফারুকের ওপর গুলি ছোড়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।