সাতকানিয়ায় গুলিতে পাহারাদার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় সেচ প্রকল্পের দখল নিয়ে বিরোধের জের ধরে গুলিতে মোহাম্মদ এরশাদ (৩৪) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
গতকাল সোমবার দুপুরে উপজেলার মাদার্শা ইউনিয়নের দক্ষিণ মাদার্শা সেচ প্রকল্প (মনজুরের লেক) এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রের ভাষ্যমতে, উপজেলার দক্ষিণ মাদার্শা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধীন একটি ছড়ায় সেচ প্রকল্প আছে। এ সেচ প্রকল্পের দখলকে কেন্দ্র করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক নঈমুল হক চৌধুরী ওরফে হারুনের সঙ্গে উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. রিদওয়ানুল হকের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে গত শনিবার রাতে এক পক্ষের হামলায় সিফাত ও সাইফুল নামের দুই যুবক গুলিবিদ্ধ হন। তাঁরা রিদওয়ানুল হকের পক্ষের লোক বলে পরিচিত। ওই ঘটনার জের ধরেই গতকাল দুপুরে একদল দুর্বৃত্ত নঈমুল হক চৌধুরীর পক্ষের পাহারাদার মোহাম্মদ এরশাদকে সেচ প্রকল্প এলাকায় পিটিয়ে ও গুলি করে ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
আহত এরশাদ প্রথম আলোকে বলেন, ‘চার-পাঁচজন যুবক আমাকে টেনে-হিঁচড়ে পাশের পাহাড়ে নিয়ে গিয়ে পিটিয়ে ও গুলি করে ফেলে রেখে চলে যায়।’
নঈমুল হক চৌধুরী বলেন, ‘একসময় আমি ও রিদওয়ান মিলে সেচ প্রকল্পটির দেখাশোনা করতাম। পরে রিদওয়ান ছাড়া স্থানীয় চাষিদের সঙ্গে নিয়ে প্রকল্পটি পরিচালনা করতে থাকি। এতে তিনি ক্ষিপ্ত হয়ে প্রকল্পটি দখলে নেওয়ার জন্য সন্ত্রাসী দিয়ে পাহারাদার এরশাদকে ধরে নিয়ে গিয়ে হত্যা করার উদ্দেশ্যে গুলি করেছে।’
রিদওয়ানুল হক বলেন, ‘সেচ প্রকল্পটি আমার দখলে আছে। ওরা সন্ত্রাসী দিয়ে গত শনিবার রাতে আমার ভাগনে সিফাত ও তাঁর বন্ধু সাইফুলকে গুলি করেছে। তাঁরা এখন হাসপাতালে চিকিৎসাধীন। আজকের ঘটনার সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্কও নেই।’
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, গত শনিবারের ঘটনার জের ধরে এরশাদ গুলিবিদ্ধ হয়েছেন। তিনি বলেন, উভয় ঘটনা সম্পর্কে তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।