চট্টগ্রামের সাতকানিয়ায় পুকুরে মাছ ধরা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে গুলিতে মারা গেছেন বাবা ও ছেলে। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত ব্যক্তির স্ত্রী ও দুই ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেট পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোসা ও ১০ ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ ইদ্রিচ (৬৩) ও তাঁর ছেলে মোহাম্মদ খালেদ (২২)। গুলিবিদ্ধ হয়েছেন ইদ্রিসের স্ত্রী মমতাজ বেগম, ছেলে মোহাম্মদ এমরান ও মোহাম্মদ জাহেদ। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমানসহ সাতকানিয়া থানার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, খাগরিয়া নুরু মার্কেট পশ্চিমপাড়া এলাকার মৃত অছিউর রহমানের ছেলে শফিকুর রহমানের সঙ্গে ছোট ভাই মোহাম্মদ ইদ্রিচের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ চলছিল। পারিবারিক একটি পুকুর তিন বছর ধরে নিজের দখলে রাখেন শফিকুর রহমান। গতকাল শনিবার সকালে শফিকুর ও তাঁর ছেলেরা পুকুরে মাছ ধরতে যান। এ সময় ইদ্রিচ ও তাঁর ছেলেরা মাছ ধরায় বাধা দেন। এ নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে স্থানীয় লোকজনের হস্তক্ষেপে বিষয়টির সাময়িক মিটমাট হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে সকালের ঘটনাকে কেন্দ্র করে আবারও দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ইদ্রিচের বাড়ির ছাদ থেকে পাশের শফিকুরের বাড়ি লক্ষ্য করে ইটের টুকরো ছুড়ে মারেন। পরে শফিকুরের বাড়ির ছাদ থেকে ইদ্রিচের বাড়ি লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোহাম্মদ ইদ্রিচ মারা যান। গুলিবিদ্ধ হন তাঁর স্ত্রী ও তিন ছেলে। এঁদের মধ্যে মোহাম্মদ খালেদকে আহত অবস্থায় চন্দনাইশের দোহাজারী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দোহাজারী হাসপাতালের চিকিৎসক অনির্বাণ ঘোষ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ খালেদ মারা যান। গুলিবিদ্ধ হয়ে আহত এক নারীসহ তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দীন খন্দকার প্রথম আলোকে বলেন, পৈতৃক জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে গতকাল বিকেলে বড় ভাইয়ের পরিবারের সদস্যদের ছোড়া গুলিতে ছোট ভাই ও তাঁর ছেলে নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনার পরপর শফিকুরের পরিবারের সদস্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করা হয়েছে।