সাতকানিয়ায় গুলিতে শিশু আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গুলিতে মো. রাকিব (১০) নামের এক শিশু আহত হয়েছে। গত শুক্রবার রাতে সাতকানিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ছমদরপাড়ায় এ ঘটনা ঘটে।

মো. রাকিব সাতকানিয়া উপজেলার ইছামতী আলীনগর এলাকার মো. সেলিমের ছেলে। সে দক্ষিণ ছমদরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

রাকিবের পরিবার ও পুলিশ সূত্র জানায়, চার-পাঁচ দিন আগে ছমদরপাড়ার ২ নম্বর গলির মুখে ছাত্রলীগের কর্মী সোহরাব হোসেন ওরফে শুভ ও তাঁর সঙ্গীদের সঙ্গে রাকিবের মামা মোহাম্মদ এনাম ও তাঁর সঙ্গীদের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। এর জের ধরে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সোহরাব ও তাঁর সঙ্গীরা এনামকে ১ নম্বর গলির সামনে পেয়ে ঘিরে ফেলেন। এ সময় এনাম কৌশলে পালিয়ে যান।

রাকিবের মা রোজিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে সোহরাবসহ ১০-১২ জন যুবক বাড়িতে এসে একজন লোক ঢুকেছে কি না, জানতে চায়। তারা ঘরের ভেতরে খোঁজাখুঁজি শেষে বেরিয়ে যায়। এ সময় তাদের মধ্যে একজন দরজা লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে আমার ছেলে রাকিব পায়ে গুলিবিদ্ধ হয়।’ তিনি জানান, রাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোহরাব হোসেন প্রথম আলোকে বলেন, ‘এনাম শিবিরের ক্যাডার। কয়েক দিনের ব্যবধানে ছমদরপাড়ায় তিন-চারটি ভ্যানগাড়ি চুরি হয়েছে। চুরির ঘটনায় প্রতিবাদকারীদের তিনি (এনাম) হুমকি-ধমকি দিচ্ছিলেন। এ কারণে তাঁকে আটক করে পুলিশে দেওয়ার চেষ্টা করলে তাঁর সঙ্গী অন্য শিবির ক্যাডাররা এসে গুলি ছোড়ে। এতে এক শিশু আহত হয়।’ তিনি বলেন, ‘আমাদের কোনো অস্ত্রশস্ত্র নেই।’

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ‘শুনেছি, সোহরাবের বাবার বৈধ অস্ত্র দিয়ে গুলি করা হয়েছে। ওই অস্ত্র জব্দ করা হবে।’ তিনি বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত যে-ই হোক, তাঁকে গ্রেপ্তার করা হবে।

ওসি আরও বলেন, এনাম জামায়াত-শিবিরের সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে কয়েকটি মামলা আছে। তিনি বলেন, এনাম ও সোহরাবের মধ্যে আগে থেকে বিবাদ ছিল। ওই বিবাদের জের ধরে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে রাকিব গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা বলেন, এ ব্যাপারে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি জানান, কারও বৈধ অস্ত্র অন্য কেউ ব্যবহার করতে পারে না।