চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর এলাকা থেকে গত রোববার দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. মহসিন ওরফে কায়সার (৪৫), আবুল কাসেম (৪০), শংকর চৌধুরী (৫২), জাহাঙ্গীর আলম (৩২), মো. শামসুল আলম ওরফে সমশু (৪৮), জাকির হোসেন (৩৫) ও মো. মনির (২৫)।
পুলিশ সূত্রের ভাষ্যমতে, নাপিতের চর এলাকার একটি চায়ের দোকানে সাত-আটজন যুবক ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি বন্দুক, একটি এলজি, ১৮টি কার্তুজ ও কয়েকটি ধারালো ছুরিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চার ব্যক্তির তথ্যের ভিত্তিতে ভোররাতে উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু এলাকার দেওয়ান পুকুরপাড়ের মাটি খুঁড়ে তিনটি একনলা বন্দুক ও ছয়টি কার্তুজ উদ্ধার করা হয়। পরে ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পালিয়ে যাওয়া তিন ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে জানান, এ ঘটনায় ডাকাতদের বহনকারী একটি গাড়ি (রাইডার) জব্দ করা হয়েছে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মফিজ উদ্দিন বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর আশপাশে ভাড়া বাসায় থেকে নগর ও বিভিন্ন উপজেলায় গিয়ে ডাকাতি করেন। তাঁদের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে। তিনি বলেন, গ্রেপ্তার কয়েকজন স্বীকার করেছেন, তাঁরা দিনে সিএনজিচালিত অটোরিকশা বা রিকশা চালান। সুযোগ বুঝে সংগঠিত হয়ে রাতে ডাকাতি করেন।