সাতকানিয়ায় ছাত্রলীগের সভায় প্রতিপক্ষের হামলা, আহত ৭
চট্টগ্রামের সাতকানিয়ায় ছাত্রলীগের এক পক্ষের সভায় প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ছালেহসহ সাতজন নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেঁওচিয়া উচ্চবিদ্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
ছাত্রলীগ সূত্র জানায়, সংগঠনে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু ছালেহের সঙ্গে কেঁওচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সোহেলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
স্থানীয়, প্রত্যক্ষদর্শী, পুলিশ ও সংগঠন সূত্র জানায়, ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সকাল ১০টার দিকে কেঁওচিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেন আবু ছালেহ পক্ষের নেতা-কর্মীরা। এতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ওসমান গণি সিকদার প্রধান অতিথি ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হারেজ মোহাম্মদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। বেলা ১১টার দিকে মোহাম্মদ সোহেলের নেতৃত্বে ১০-১৫ জন যুবক লাঠিসোঁটা নিয়ে আলোচনা সভায় হামলা চালান। এতে আবু ছালেহ এবং কেঁওচিয়া উচ্চবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. মাঈনুদ্দিন, ছাত্রলীগের কর্মী ওমর ফারুক, মো. নয়ন, মোস্তাক আহমদ, আবদুল ছফুর ও নুরুল হাসান আহত হয়। তারা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আবু ছালেহ ও হারেজ মোহাম্মদ বলেন, কেঁওচিয়া উচ্চবিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা চলাকালে সোহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায়। এতে অন্তত সাতজন নেতা-কর্মী আহত হয়। এ সময় সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুড়ে বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্ক সৃষ্টি করে।
তবে মোহাম্মদ সোহেল বলেন, গত বুধবার কেঁওচিয়া উচ্চবিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করেছে। গতকাল ছাত্রলীগের বহিষ্কৃত নেতা আবু ছালেহ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গেলে কেঁওচিয়া উচ্চবিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরাসহ সাধারণ ছাত্ররা তাঁদের অনুষ্ঠান প্রতিহত করে। এতে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। আবু ছালেহের সঙ্গে তাঁর ব্যক্তিগত বিরোধ থাকায় ওই ঘটনার সঙ্গে তাঁকে অনর্থক জড়ানো হচ্ছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী থানায় অভিযোগ করেছেন। বিষয়টি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।