সাতকানিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দম্পতি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার মালেক মেম্বারের ইটভাটা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক দম্পতিসহ তিনজন আহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা সোনার চেইন, কানের দুল, নয় হাজার টাকা ও তিনটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।

আহত তিনজন হলেন চন্দনাইশ উপজেলার বরকল এলাকার মোহাম্মদ আলী (৪০), তাঁর স্ত্রী সেলিনা আকতার (৩২) ও অটোরিকশাচালক লোকমান হাকিম (২৫)।

আহত মোহাম্মদ আলী বলেন, চন্দনাইশের নিজ বাড়ি থেকে গতকাল সকালে স্ত্রীকে নিয়ে অটোরিকশায় লোহাগাড়ার পদুয়ায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তাঁরা। সাতকানিয়ার মালেক মেম্বারের ইটভাটা এলাকায় পৌঁছার পর তিনজন ছিনতাইকারী অটোরিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা প্রথমে ছুরির ভয় দেখিয়ে তাঁর স্ত্রীর স্বর্ণালংকার ও তাঁদের কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর স্ত্রীর সোনার চেইন, কানের দুল ছিনিয়ে নেয়। তাঁর কাছে থাকা নয় হাজার টাকা ও তিনজনের কাছে থাকা তিনটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে যায়।

সাতকানিয়া থানার এসআই প্রিয়লাল ঘোষ বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খতিয়ে দেখা হবে।