সাতকানিয়ায় জামায়াতের ৪ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল গ্রাম থেকে গত রোববার জামায়াতের মহিলা শাখার তিন নেতা-কর্মী ও এক পুরুষ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন জামায়াতের মহিলা শাখার সেক্রেটারি খাদিজা বেগম (৫০), কর্মী তাকওয়া সুলতানা তামান্না (১৭), ফেরদৌসি আক্তার (১৯) ও মজিবুর রহমান (৫৭)।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল বাবুল প্রথম আলোকে বলেন, মির্জাখীল গ্রামের চৌধুরীপাড়া এলাকায় জামায়াত কর্মী মজিবুর রহমানের বাড়িতে জামায়াত-শিবিরের মহিলা শাখার নেতা-কর্মীরা গোপন বৈঠকে মিলিত হয়েছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি দেখে ১৪-১৫ জন নেতা-কর্মী পালিয়ে যান। পরে বাড়ির মালিক মজিবুর রহমানসহ মহিলা জামায়াতের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার নেতা-কর্মীসহ ২৩ জনের নাম উল্লেখ করে নাশকতার পরিকল্পনার অভিযোগে থানায় মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।