সাতকানিয়ায় দায়ের কোপে যুবক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পারিবারিক কলহের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দায়ের আঘাতে মোস্তাক আহমদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। উপজেলার ঢেমশা ইউনিয়নের উত্তর ঢেমশা বারি সিকদারপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, উত্তর ঢেমশা বারি সিকদারপাড়ার সোনা মিয়া নামের এক ব্যক্তি বছর খানেক আগে মারা যান। মৃত্যুর আগে তিনি একটি ব্যাংকে দ্বিতীয় স্ত্রী রওশন আরার নামে ছয় লাখ টাকা স্থায়ী আমানত রেখে যান। বাবার মৃত্যুর পর মোস্তাক সৎমায়ের কাছে রেখে যাওয়া টাকার একটি অংশ দাবি করেন। কিন্তু সৎমা রওশন আরা, সৎভাই হুমায়ুন আহমদ ও সৎবোন বালা আকতার এতে রাজি হননি। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ দেখা দেয়। কিছুদিন আগে সালিসি বৈঠকে বাবার রেখে যাওয়া টাকা থেকে মোস্তাককে ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে তিনি (মোস্তাক) সৎমায়ের কাছে ওই ৫০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে তাঁর সঙ্গে সৎমা, সৎভাই ও সৎবোনের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে হুমায়ুন ধারালো দা দিয়ে মোস্তাকের ঘাড়ের বাঁ পাশে আঘাত করেন। পরে স্থানীয় বাসিন্দারা মোস্তাককে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে তিনি মারা যান।
ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী মো. সাইফুল্লাহ বলেন, বাবার রেখে যাওয়া টাকার সুষ্ঠু বণ্টন নিয়ে মোস্তাকের সঙ্গে সৎমায়ের প্রায়ই তর্কাতর্কি হতো। সালিসি বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্তও দেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় টাকা চাইতে গিয়ে সৎভাই হুমায়ুনের দায়ের কোপে মোস্তাক মারা যান।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মোস্তাককে দা দিয়ে আঘাত করেন হুমায়ুন। পরে হাসপাতালে নেওয়ার পর মোস্তাকের মৃত্যু হয়। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোস্তাকের লাশ থানায় আনা হয়। গতকাল সকালে ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।