সাতকানিয়ায় নারীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় গুলি করে এক নারীকে হত্যা করা হয়েছে। তাঁর নাম গোলতাজ বেগম (৩৫)। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার নলুয়া ইউনিয়নের খোন্দকারপাড়া এলাকায় নিজ বসতঘরের পাশে খুব কাছ থেকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে।
নিহত নারীর পরিবার ও পুলিশ সূত্র জানিয়েছে, জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। গোলতাজ বেগমের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তাঁর স্বামী নুরুল ইসলাম ১১ বছর আগে মারা যান।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এমরান ভূঞাসহ থানার পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতিবেশীদের সঙ্গে দীর্ঘদিন ধরে বসতভিটার জমি নিয়ে বিরোধ চলছিল গোলতাজ বেগমের। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে সালিস বৈঠকও হয়েছে।
নিহত নারীর বাবা আবদুশ শুক্কুর বলেন, ‘কে বা কারা আমার মেয়েকে গুলি করে হত্যা করেছে, বলতে পারব না। তবে আমার মেয়ের সঙ্গে কয়েকজন প্রতিবেশীর দীর্ঘদিন ধরে বসতভিটার জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল।’ গোলতাজের ছেলে মো. রায়হানও একই কথা জানান।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) গোলাম কিবরিয়া বলেন, খুব কাছে থেকে এলজি দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে ওই নারীকে।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা বলেন, জায়গাজমির বিরোধের জের ধরে প্রতিবেশীরাই বিধবা গোলতাজকে গুলি করে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।