সাতকানিয়ায় নারীসহ আহত ৫, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া মাঝেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার সময় স্থানীয় লোকজন তিনজনকে ধরে পুলিশে সোপর্দ করেছেন। তাঁরা হলেন মো. নুরুল কবির (৫৮), তাঁর স্ত্রী নুর আয়শা (৪৫) ও ছেলে মো. নয়ন উদ্দিন (১৯)। গতকাল রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম।
হামলার বিষয়ে খাগরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আকতার হোসেন প্রথম আলোকে বলেন, বাড়ির সীমানা নিয় চরখাগরিয়া মাঝেরপাড়া গ্রামের বাচা মিয়া ও প্রতিবেশী নুরুল কবিরের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার বিকেলে বাচা মিয়ার ছেলে মো. নাছির উদ্দিনের সঙ্গে নুরুল কবিরের বাগ্বিতণ্ডা হয়।
পুলিশ, ইউপি চেয়ারম্যান ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকেলের ঘটনার জের ধরে রাত সাড়ে আটটার দিকে নুরুল কবিরের নেতৃত্বে তাঁর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে বাচা মিয়ার বাড়িতে গিয়ে হামলা চালায়। তারা প্রথমে ধারালো অস্ত্র নিয়ে নাছির উদ্দিনকে আঘাত করে। এ সময় তাঁর চিৎকারে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের ওপরও হামলা করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে নাছির, তাঁর ভাই মো. ওয়াসিম, আবদুল গফুর, বোন পারভীন আকতার ও ভাগিনা মো. রুবেল আহত হন। আহত ব্যক্তিদের চিৎকার শুনে স্থানীয় লোকজন নুরুল কবির, তাঁর স্ত্রী নুর আয়শা ও ছেলে নয়ন উদ্দিনকে ধরে পুলিশে দেন।