সাতকানিয়ায় পাওনা টাকা ফেরত না দিতে শ্যালককে খুন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যালককে খুনের অভিযোগে মো. জসীম নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে সাতকানিয়া উপজেলার মধ্যম কাঞ্চনা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ আলী। তাঁর মামাতো বোনের স্বামী জসীম। দুজনের বাড়ি সাতকানিয়ায়।

পুলিশ বলছে, খুনের ঘটনায় আরও দুজন জড়িত। তাঁদেরও খুঁজছে পুলিশ।

২৪ জানুয়ারি বাঁশখালীর পালেগ্রামের একটি মাঠ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর পা ও গলা দড়ি দিয়ে বাঁধা ছিল। এ ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারে নিহত যুবকের নাম আলী। তাঁর বাড়ি সাতকানিয়ায়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা গতকাল সোমবার সকালে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ প্রথমে আলীর ভগ্নিপতি জসীমকে গ্রেপ্তার করে। আলীর গ্রামের বাড়ি সাতকানিয়া হলেও নগরের আগ্রাবাদে থাকতেন। তিনি বৈদ্যুতিক মিস্ত্রি। জসীম প্রায়ই সাতকানিয়া থেকে আগ্রাবাদে আলীর বাসায় আসতেন। সেখানে তাঁর সঙ্গে আলীর দুই বন্ধুর পরিচয় হয়। জসীমের কাছে ২০ হাজার টাকা পেতেন আলী। ওই দুই বন্ধুর কাছেও টাকা পেতেন তিনি। টাকা না দেওয়ার জন্য তিনজন মিলে আলীকে খুন করার পরিকল্পনা করেন। পরে ২৩ জানুয়ারি সন্ধ্যায় আলীকে বেড়াতে যাওয়ার কথা বলে বাঁশখালীতে নিয়ে যান তাঁরা। সেখানে তাঁকে শ্বাসরোধে হত্যা করে লাশ ফেলে যান তাঁরা।

পুলিশ সুপারের কার্যালয়ে আসামি জসীম প্রথম আলোকে বলেন, পাওনা টাকা না দিতে তিনজন মিলে শ্বাসরোধ করে আলীকে খুন করেন তাঁরা। পরে তাঁর জানাজায়ও অংশ নেন।