সাতকানিয়ায় পুলিশ সন্ত্রাসী গোলাগুলি গ্রেপ্তার এক
চট্টগ্রামের সাতকানিয়ায় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলার এওচিয়া ইউনিয়নের পাহাড়তলী আলীনগর এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মো. জুয়েল ওরফে বাশিক্যা (২২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্র জানায়, তালিকাভুক্ত সন্ত্রাসী ও শিবিরের কর্মী মো. জুয়েলকে গ্রেপ্তার করতে গতকাল বেলা ১১টার দিকে পাহাড়তলী আলীনগর এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হেলাল উদ্দিন ফারুকী বলেন, শিবিরের সন্ত্রাসী মো. জুয়েলকে গ্রেপ্তার করতে গিয়ে ধস্তাধস্তিতে পুলিশের দুই সদস্য সামান্য আহত হয়েছেন। এ সময় সন্ত্রাসীরা চারটি ও পুলিশ দুটি গুলি ছোড়েছে। ঘটনাস্থল থেকে একটি দোনলা বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসী মো. জুয়েল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করতে গিয়ে সন্ত্রাসী-পুলিশ গোলাগুলি হয়েছে। তাঁর বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, সহিংসতা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ১০টি মামলা রয়েছে।