সাতকানিয়ায় প্রতিপক্ষের হামলায় আহত ১
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন। আহত যুবকের স্বজনেরা তাঁকে উদ্ধার করে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
আহত যুবকের নাম মো. শিবলু (৩৩)। তিনি ওই এলাকার আবদুল গনির ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার ঢেমশা ইউনিয়নের হাদুরবাড়ি এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শিবলুদের সঙ্গে পাশের বাড়ির সিরাজুল ইসলামের অনেক দিন ধরে বসতভিটা নিয়ে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল বসতঘরের সামনে চলন্ত ধান ভাঙানি ট্রাক্টরের বিকট শব্দকে কেন্দ্র করে শিবলুর সঙ্গে প্রতিপক্ষ সিরাজের ছেলেদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সিরাজের ছেলেরা ইট ও রড নিয়ে শিবলুর ওপর হামলা চালান। এতে শিবলু মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত হন।
ঢেমশা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রমজান আলী মো. সাইফুল্লাহ বলেন, ওই এলাকার সিরাজের ছেলেরা উচ্ছৃঙ্খল ও বখাটে। তুচ্ছ বিষয়টিকে কেন্দ্র করে তাঁরা শিবলুর ওপর হামলা চালিয়েছেন। এঁদের মধ্যে আগে থেকে জায়গা নিয়ে বিরোধ চলছিল।
সাতকানিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) জাকির হোসেন জানান, ‘উভয় পক্ষ একে অপরকে দোষী দাবি করে থানায় অভিযোগ দাখিল করেছে। তবে একপক্ষের এক ব্যক্তি মাথা ও পায়ে জখমের চিহ্ন নিয়ে থানায় এসেছিলেন। তাঁকে অভিযোগ দাখিলের পাশাপাশি দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’