সাতকানিয়ায় বন্দুকযুদ্ধে শিবির ক্যাডার গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় গত রোববার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. শহীদুল ইসলাম ওরফে পাগলা শহীদ (২৮) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশের দাবি, তিনি একজন চিহ্নিত শিবির ক্যাডার। তাঁর বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মারামারিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে। পাগলা শহীদ উপজেলার দেওদীঘি এলাকার এজাহার মিয়ার ছেলে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেনের ভাষ্যমতে, সাতকানিয়ার মাদার্শা ইউনিয়নের বাবুনগর আশ্রয়ণ প্রকল্প এলাকার পাহাড়ের পাশে জামায়াত-শিবিরের একদল কর্মী গোপন বৈঠকের জন্য জড়ো হচ্ছেন—এমন খবর পেয়ে পুলিশের একটি দল রাত পৌনে ১২টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় জামায়াত-শিবিরের কর্মীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করেন।পুলিশও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে আধা ঘণ্টা ধরে গুলিবিনিময় হয়। এ সময় শহীদ পায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আর পালাতে গিয়ে আটক হন দুজন। তাঁরা হলেন শহীদের দুই সহযোগী মো. বোরহান (১৮) ও সাইম ফরহাদ (১৮)। পরে গুলিবিদ্ধ শহীদকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার রাইফেল, একটি পাইপগান, চারটি গুলি, একটি রাম দা ও তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
ওসি খালেদ হোসেন বলেন, এ ঘটনায় পুলিশের চার সদস্য এসআই শফিকুল ইসলাম, ফজলুল হক, ইমরোজ তারেক ও এএসআই ইয়ামিন সুমনও আহত হন।