সাতকানিয়ায় বিএনপির গণসংযোগে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ার কালোপুকুর পাড়ে বিএনপির মেয়র প্রার্থী রফিকুল আলম গণসংযোগ করার সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় তিনটি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় এক নারীসহ দুজন আহত হয়েছেন। আজ সোমবার বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে।

সাতকানিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান অভিযোগ করেন, শান্তিপূর্ণ গণসংযোগের সময় আওয়ামী লীগের মেয়র প্রার্থীর সমর্থকেরা হামলা চালিয়েছেন। হামলায় রিকু আরা ও নুরুল আফসার নামে বিএনপির দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রিকু আরাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আর নুরুল আমিন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

তবে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, এ ধরনের কোনো হামলার সঙ্গে আওয়ামী লীগের কেউ জড়িত নন।

সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই বলেন, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।