সাতকানিয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। গত মঙ্গলবার রাতে সাতকানিয়া সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগে গতকাল বুধবার পৌরসভার গোয়াজরপাড়া এলাকা থেকে মো. বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, জমির দখল নিয়ে দক্ষিণ ঢেমশা এলাকার জুনু মিয়ার সঙ্গে গোয়াজরপাড়ার আবদুস শক্কুরের বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে জুনু মিয়া বাড়ি ফেরার পধে সাতকানিয়া সরকারি কলেজ এলাকায় শক্কুরের লোকজন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন তাঁকে। এ সময় তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহামুদুল করিম বলেন, ব্যবসায়ীর ওপর হামলার ঘটনায় তাঁর স্ত্রী জাহেদা বেগম আটজনকে আসামি করে থানায় মামলা করেন। আসামি বেলালকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।