সাতকানিয়ায় যুবককে কুপিয়েছে দুর্বৃত্তরা
চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ জোনায়েদ (২০) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দুপুরে সাতকানিয়া পৌরসভার বণিকপাড়ার গাছ বাগানে এ ঘটনা ঘটে।
জোনায়েদ উপজেলার সাতকানিয়া সদর ইউনিয়নের বড় বারদোনা গ্রামের মাস্টারপাড়া এলাকার আবুদল মালেকের ছেলে। তাঁকে উদ্ধার করে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জোনায়েদের বড় ভাই আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, জোনায়েদের পরিচিত এক ব্যক্তি দুপুরে মুঠোফোনের মাধ্যমে তাঁকে ডেকে নিয়ে যায়। বেলা একটার দিকে তাঁরা জানতে পারেন জোনায়েদকে পৌরসভার বণিকপাড়ার পূর্ব পাশের গাছ বাগানের ভেতর কুপিয়ে আহত অবস্থায় কে বা কারা ফেলে গেছে। জোনায়েদ চট্টগ্রাম শহরে হকারের কাজ করেন বলে জানান তিনি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল হোসেন প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে মাদক ব্যবসার দ্বন্দ্ব নিয়ে জোনায়েদের ওপর হামলা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।