সাতকানিয়ায় যুবলীগ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় ব্যবসায়ীকে মারধরের অভিযোগে মোহাম্মদ রুবেল (৩২) নামে যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে সাতকানিয়া সদরের কলেজ সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
রুবেলের বাড়ি সাতকানিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) কাজী মো. গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, বেশ কিছুদিন ধরে সাতকানিয়া সদরের কেব্ল সংযোগ ব্যবসায়ী আবদুল মান্নানের কাছে চাঁদা দাবি করে আসছিলেন রুবেল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় রুবেল গত সপ্তাহে মান্নানকে মারধর করেন। এ ঘটনায় রুবেলকে আসামি করে মামলা করেন মান্নান।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, রুবেলকে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।