চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার খলিফাপাড়ার রহমত বেগের টেক এলাকায় গত বুধবার রাতে যুবলীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
আহত মো. হাসমত আলীর (৩৫) বাড়ি দক্ষিণ ঢেমশার খলিফাপাড়া এলাকায়। তিনি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।
পুলিশ সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রহমত বেগের টেক এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন হাসমত আলী। এ সময় মো. ফয়সাল নামের একজন মাটি ব্যবসায়ী ছয়-সাতজন সহযোগীকে নিয়ে হাসমতের ওপর হামলা চালায়। এতে হাসমতের মাথা ফেটে যায়। পরে হামলাকারীরা পালিয়ে যায়।
হাসমত আলী প্রথম আলোকে বলেন, ‘আমি ও ফয়সাল আলাদাভাবে মাটির ব্যবসা করি। ফয়সাল প্রায়ই আমাকে মাটির ব্যবসা থেকে সরে যেতে হুমকি দিতেন। বুধবার রাতে ফয়সাল ও তাঁর লোকজন অতর্কিতে আমার ওপর হামলা চালায়। রডের আঘাতে আমার মাথা ফেটে গেছে।’
এ ব্যাপারে মো. ফয়সালের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি মো. সাইফুল আলম বলেন, ফয়সাল ও তাঁর সহযোগীরা হাসমতের ওপর হামলা চালিয়েছে। এ হামলার ঘটনায় হাসমত আলী গতকাল বৃহস্পতিবার ফয়সালসহ সাতজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
সাতকানিয়া থানার ওসি মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।