সাতকানিয়ায় সংঘর্ষে বাবা-ছেলে নিহত
পুকুরের মাছ ধরা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে গুলিতে মারা গেছেন বাবা ও ছেলে। আজ শনিবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মো. ইদ্রিছ (৬৫) ও তাঁর ছেলে মো. খালেদ (২২)। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দশটি গুলির খোসা ও কয়েকটি কিরিচ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সাতকানিয়া খাগরিয়া ইউনিয়নের নূর মার্কেট পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা নিহত ইদ্রিছ। সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ইদ্রিছের সঙ্গে তাঁর বড় ভাই শফিকুর রহমানের বিরোধ চলছিল। শফিকুর পরিবার নিয়ে পাশের বাড়িতে থাকেন। বাসার সামনে থাকা পৈতৃক পুকুরটি শফিকুরের দখলে। শফিকুর দীর্ঘদিন ধরে ওই পুকুর থেকে মাছ ধরে খাচ্ছিলেন। আজ সকালে ইদ্রিছ বড় ভাই শফিকুরের কাছে ওই পুকুরটি এক বছরের জন্য তাঁকে দেওয়ার জন্য বলেন। এতে শফিকুর ক্ষিপ্ত হন। ফলে দুই ভাইয়ের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে তাঁদের মধ্যে আরেক দফা ঝগড়া হয়। শেষে আজ বিকেল চারটার দিকে আবারও দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষ পরস্পরের দিকে ইট-পাটকেল ছোড়েন। একপর্যায়ে সেখানে গুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান ইদ্রিছ ও তাঁর ছেলে খালেদ।
আজ সন্ধ্যায় চট্টগ্রাম দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। শফিকুর পরিবার নিয়ে পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে দশটি গুলির খোসা ও কয়েকটি কিরিচ জব্দ করা হয়েছে। লাশ উদ্ধারের প্রক্রিয়া চলছে।’