সাতকানিয়ায় 'বন্দুকযুদ্ধে' জামায়াত কর্মী নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল বশর (৪০) নামের জামায়াতে ইসলামীর একজন কর্মী নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত আবুল বশর তাঁর সহযোগীদের গুলিতে নিহত হয়েছেন। তিনি স্থানীয় জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী ছিলেন। তাঁর বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ২৪টি মামলা আছে।
গতকাল শনিবার রাতে উপজেলার ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল বশর উপজেলার মধ্যম কাঞ্চনা এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
আজ রোববার সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, জামায়াত কর্মী আবুল বশরের বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ২৪টি মামলা আছে। তিনি দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। খবর পেয়ে গতকাল রাতে তাঁকে বাঁশখালী উপজেলার পুকুরিয়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। রাতেই তাঁকে নিয়ে সাতকানিয়া ফেরার পথে ছনখোলা এলাকায় আগে থেকে ওত পেতে থাকা আবুল বশরের সহযোগীরা তাঁকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলির সময় আবুল বশর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন। এতে ওসি, একজন কনস্টেবলসহ পুলিশের আট সদস্য আহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর আবুল ফয়েজের দাবি, আবুল বশর জামায়াতের একজন সক্রিয় কর্মী ছিলেন। দীর্ঘদিন থেকে তিনি এলাকায় থাকেন না। গত রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ছনখোলা এলাকায় গুলি করে হত্যা করেছে। ওই এলাকায় জামায়াতের কর্মীদের সঙ্গে পুলিশের কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি।
ওসি আরও বলেন, আবুল বশর তাঁর সহযোগীদের গুলিতেই নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে দুটি একনলা বন্দুক, একটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।