সাতক্ষীরা ও নড়াইলে জামায়াত-শিবিরসহ গ্রেপ্তার ৩৬
সাতক্ষীরা ও নড়াইলে গত রোববার সন্ধ্যা থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত ৩৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে জামায়াত-শিবিরের নেতা-কর্মী আছেন চারজন।
সাতক্ষীরায় গ্রেপ্তার করা হয়েছে ৩৪ জনকে। এর মধ্যে সদর উপজেলা থেকে ১৬ জন, কলারোয়ায় পাঁচজন, তালায় তিনজন, শ্যামনগরে চারজন, আশাশুনিতে দুজন, দেবহাটায় তিনজন এবং পাটকেলঘাটা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন জামায়াত-শিবিরের নেতা-কর্মী। জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। গতকাল সকালে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে সদর উপজেলার হবখালি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদবিষয়ক সম্পাদক ও লোহাগড়া উপজেলার ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদ হাসানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচটি ককটেল, বেশ কিছু জিহাদি বই ও ৩২টি সিডি উদ্ধার করা হয়। নড়াইলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, জাহিদ হাসানের বাবার নাম রফিকুল শেখ। বড় ধরনের নাশকতা সৃষ্টির জন্য জাহিদ দলকে সংগঠিত করার কাজ করে আসছিলেন।