সাতক্ষীরা ও বরগুনায় 'বন্দুকযুদ্ধে' নিহত ২
সাতক্ষীরার শ্যামনগরে পুলিশের সঙ্গে ও বরগুনার পাথরঘাটায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন নিহত হয়েছেন। সাতক্ষীরায় নিহত ব্যক্তি হলেন রেজাউল ইসলাম (৪২) ও বরগুনায় কাজল (২৭)।
পুলিশের দাবি, রেজাউল আন্তজেলা মোটরসাইকেল চুরি ও ছিনতাই চক্রের হোতা ছিলেন। আর র্যাবের দাবি, কাজল সুন্দরবনের জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্য ছিলেন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর
সাতক্ষীরা: শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমানের ভাষ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার পল্লবী থানার পুলিশ রেজাউলকে গ্রেপ্তার করে। সেখান থেকে পুলিশ গতকাল শুক্রবার তাঁকে সাতক্ষীরায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁর অন্য সদস্যরা খানপুর এলাকায় রয়েছে। পরে রেজাউলকে নিয়ে গতকাল দিবাগত রাত সোয়া দুইটার দিকে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। সেখানে আগে থেকে ওত পেতে থাকা রেজাউলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। গুলিবিনিময়কালে রেজাউল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তিনি গুলিবিদ্ধ হন। একপর্যায়ে তাঁর দলের সদস্যরা বিলের মধ্যে দিয়ে পালিয়ে যায়। রাত আড়াইটার দিকে রেজাউলকে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই, চুরি ও অপহরণের অভিযোগে নয়টি মামলা রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেদোয়ান আলী জানান, রেজাউলকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল।
পাথরঘাটা (বরগুনা): পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবির আহমদের ভাষ্য, বলেশ্বর নদসংলগ্ন পাথরঘাটার রুহিতার মাঝের চরে র্যাব-৮-এর সঙ্গে বন্ধুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। লাশ পাথরঘাটা থানায় আনা হচ্ছে।
র্যাব সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দুটি বন্দুক, একটি ওয়ান শুটারগান, তিনটি দা, ৩১টি তাজা গুলি ও গুলির ১৭টি খোসা পাওয়া গেছে।