সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল আবার দখল
সাতক্ষীরা কেন্দ্রীয় বাস টার্মিনাল আবার দখলে নিয়েছেন জেলা শ্রমিক লীগের সভাপতি ও মিনিবাস-বাস মালিক সমিতির সাবেক সভাপতি ছাইফুল করিম। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বাস মালিক ও শ্রমিকদের নিয়ে তিনি টার্মিনালে অবস্থিত জেলা মিনিবাস-বাস মালিক সমিতির কার্যালয়ে অবস্থান নেন।
এ সময় জেলা মিনিবাস-বাস মালিক সমিতির সহসভাপতি ফিরোজ আহমেদ ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের লোকজন কোনো সংঘর্ষ ছাড়াই স্থান ত্যাগ করেন।
মিনিবাস মালিক আশরাফুল ইসলাম ও মঞ্জু চৌধুরী বলেন, বাস টার্মিনাল দখল নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে—আশঙ্কায় গত ২৬ মে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে টার্মিনাল এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। এ অবস্থায় গত ১৬ জুন জেলা শ্রমিক লীগের সভাপতি ছাইফুল করিমকে হটিয়ে জেলা মিনিবাস-বাস মালিক সমিতির কার্যালয় দখল করে নেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান। এরপর ১৬ আগস্ট আসাদুজ্জামানকে সভাপতি ও জাহাঙ্গীর হোসেনকে সাধারণ সম্পাদক করে জেলা মিনিবাস-বাস মালিক সমিতির কমিটি গঠন করা হয়। তার পর থেকে এ কমিটির মাধ্যমে বাস টার্মিনাল পরিচালিত হয়ে আসছিল।
ছাইফুল করিম বলেন, অবৈধ কমিটি ভুয়া নিবন্ধন করে তাঁর কাছ থেকে বাস টার্মিনাল ছিনিয়ে নিয়েছিল। পরে বাস মালিকেরা একত্র হয়ে পুনরায় তাঁকে টার্মিনালের দায়িত্ব দিয়েছেন বলে দাবি করেন।
মিনিবাস ও বাস মালিক সমিতির সহসভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ জানান, তাঁরা বৈধভাবেই টার্মিনালে ছিলেন। গতকাল সকালে ছাইফুল করিম অবৈধভাবে টার্মিনাল দখলে নেন। বিষয়টি তাঁরা প্রশাসনকে জানাবেন।
সদর থানার ওসি গোলাম রহমান জানান, টার্মিনালে আগে যাঁরা ছিলেন তাঁরাই আবার গিয়েছেন। কোনো রকম অশান্ত পরিস্থিতির সৃষ্টি হয়নি।