সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
সাতক্ষীরার গাজীপুর সীমান্তের ওপারে ভারতের পাখিডাঙ্গা এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আইয়ুব আলী (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী গ্রামের মৃত ছামছেল সরদারের ছেলে।
বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার জানান, আইয়ুব গতকাল বৃহস্পতিবার ভোররাতে ভারত থেকে গরু নিয়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের আসার পথে পাখিডাঙ্গা এলাকায় পৌঁছান। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে গুলি করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বিএসএফ লাশ সেখানে ফেলে চলে যায়। পরে আইয়ুব আলীর সঙ্গীরা লাশটি বৈকারী গ্রামে তাঁর নিজ বাড়িতে নিয়ে আসেন।
সাতক্ষীরায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ৩৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি গতকাল সকালে জানান, একজন মারা যাওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে ওই ব্যক্তি কীভাবে মারা গেছেন বা কারা মেরেছে, সে সম্পর্কে তিনি তখন পর্যন্ত জানতে পারেননি।