সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার কুশখালী সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার খলিশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোসলেম আলী (২৮)।
মোসলেম সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদাহ ইউনিয়নের পাঁচরকি গ্রামের জেহের আলীর ছেলে। তাঁর স্ত্রী মারুফা বেগম বলেন, গতকাল ভোরে বিএসএফের গুলিতে স্বামীর নিহত হওয়ার খবর পান।
মোসলেম আলীর শ্বশুর বাবর আলী বলেন, গত সোমবার সন্ধ্যায় মোসলেম আলীসহ তিন-চারজন কুশখালী সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে গিয়েছিলেন। গতকাল ভোরে গরু নিয়ে ফেরার সময় ভারতের খলিশা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মোসলেম।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কুশখালী ক্যাম্পের নায়েব সুবেদার মোহাম্মদ আলী বলেন, ভারতীয় সীমান্তের ৩০০ গজ ভেতরে ঘটনাটি ঘটেছে। সেখানে একজন মারা গেছেন। তবে তাঁর নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। খোঁজখবর নেওয়া হচ্ছে।