সাতক্ষীরায় আবার ডাকাতি, আতঙ্ক
সাতক্ষীরা শহরে আবারও এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। গত বুবধার গভীর রাতে শহরের সুলতানপুরে এ ঘটনা ঘটে।
ডাকাতেরা আবু বক্কর সিদ্দিক নামের ওই ব্যবসায়ীর বাড়ি থেকে পাঁচ লাখ টাকা ও প্রায় চার ভরি সোনার গয়না লুট করেছে বলে তাঁর ছেলে আল মাসুদ বিন সিদ্দিক দাবি করেছেন। প্রায় দুই সপ্তাহের মধ্যে চারটি বাড়িতে সশস্ত্র ডাকাতির ঘটনায় শহরবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।
আল মাসুদ বিন সিদ্দিক জানান, বুধবার রাতে সাত-আটজনের একদল ডাকাত বাড়ির প্রধান ফটক ও ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সবাইকে বেঁধে পাঁচ লাখ টাকা ও চার ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়।
স্থানীয় চিকিৎসক অরুণ ব্যানার্জি জানান, ১৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা শহরের রেজিস্ট্রিপাড়ায় তাঁর ভাড়া বাসায় ডাকাতি হয়। আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল আলম জানান, ১৪ ডিসেম্বর রাতে সাতক্ষীরা শহরের সরকারি কলেজ সড়কের বাড়িতে ডাকাতি হয়। শহরের আমতলার মিজানুর রহমান জানান, ১৩ ডিসেম্বর রাতে তাঁর বাড়িতে ডাকাতি হয়। ডাকাত দল এসব বাড়ি থেকে কয়েক লাখ টাকা, সোনার গয়না ও অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান বলেন, একটি নতুন চক্র এসব কাজ করছে। কয়েকজনকে শনাক্ত করা গেছে। তাদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।