সাতক্ষীরায় এক লাখ টাকার জাল নোট উদ্ধার গ্রেপ্তার ২
সাতক্ষীরায় এক লাখ টাকার জাল নোটসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর হাসপাতালের ভেতর থেকে জাল নোটসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামের ফরিদ হোসেন (৫৫) ও সাতক্ষীরার তালা উপজেলার রহিমাবাদ গ্রামের আবুল কালাম (৪০)।
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের অধিনায়ক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার মুঠোফোনের মাধ্যমে ক্রেতা সেজে ৫০ হাজার টাকার বিনিময়ে এক লাখ টাকার জাল নোট কেনার চুক্তিতে র্যাব সদস্যরা সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকায় অবস্থান নেন। চুক্তি অনুযায়ী, ৫০০ টাকার ২০০ জাল নোট নিয়ে হাসপাতালের জরুরি বিভাগের পেছনে আসেন ওই দুজন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে সাতক্ষীরা র্যাবের ক্যাম্পে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা জানান, দীর্ঘদিন ধরে তাঁরা জাল টাকার ব্যবসার সঙ্গে জড়িত। বাইরে থেকে জাল টাকা এনে সাতক্ষীরার বিভিন্ন অঞ্চলে তাঁরা সরবরাহ ও বিক্রি করেন। এ ঘটনায় র্যাব-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের উপসহকারী পরিচালক (ডিএডি) আমিরুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় মামলা করেছেন।