সাতক্ষীরায় একজনকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সদর উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাধা দেওয়ায় তাঁর স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার গোদাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম আবুল হাসান দালাল (৪৫)। তিনি পেশায় কৃষক বলে জানা গেছে। তাঁর বাবা ইউসুফ আলী দালাল। আবুলের আহত স্ত্রীর নাম সাফিয়া বেগম (৩৮)। তাঁদের বাড়ি উপজেলার গোদাঘাটা গ্রামে।

সাফিয়ার ভাষ্য, নিজেদের কাঁচাঘরে রাতে তাঁরা ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে চারটার দিকে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের ঘরে ঢুকে পড়ে। তারা তাঁর স্বামীকে কোপাতে থাকে। এ সময় স্বামীর চিৎকারে তাঁর ঘুম ভেঙে যায়। ঠেকাতে গেলে তাঁকেও কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। স্বামীর মৃত্যু হলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে।

সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) হেকমত আলী বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র ও একটি স্কুলব্যাগ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরা শহরের কুকরালি এলাকার ফুলি বিবিকে আটক করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় এখনো কেউ মামলা করেনি। পরকীয়া থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।