সাতক্ষীরায় কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন অমান্য করে সাতক্ষীরার তালা উপজেলার অধিকাংশ ভাটায় কাঠ দিয়ে পোড়ানো হচ্ছে ইট। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
সাতক্ষীরা জেলা প্রশাসনের দপ্তর সূত্রে জানা গেছে, জেলায় ১০৩টি ভাটা রয়েছে। এর মধ্যে আধুনিক ভাটা (হাওয়াই) রয়েছে ৩৪টি।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭-এর ৭ ধারা অনুযায়ী কাঠ দিয়ে ইট পোড়ানো যাবে না। এ আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা করা যাবে। দ্বিতীয়বার একই অপরাধ করলে এক লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানা ও সাজার বিধান রাখা হয়েছে। তৃতীয়বার করলে নিবন্ধন বাতিল ও ভাটা বাজেয়াপ্ত করারও বিধান রাখা হয়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রামে দেখা যায়, হরিণখোলার এবিবি ব্রিকসে আম, জামরুল, কাঁঠাল, খেজুর, নারকেল, মেহগনি, শিশুসহ বিভিন্ন প্রজাতির কাটা গাছ স্তূপ করে রাখা হয়েছে। কয়েকজন গাছের ডাল ও গুঁড়ি কেটে টুকরো টুকরো করছেন। কয়েকজন টুকরো কাঠ ইট পোড়ানোর জন্য ভাটার মধ্যে ঢোকাচ্ছেন।
এবিবি ব্রিকসের মালিক শুকুর আলী জানান, কয়লা সংকটের কারণে তিনি কাঠ দিয়ে ইট পোড়াচ্ছেন।
একই অবস্থা দেখা যায়, জেলার ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলমের এমআরএস ব্রিকসেও। সেখানেও কাঠ স্তূপ করে রাখা রয়েছে। খোদেজা ব্রিকস ফিন্ড ও এমপি ব্রিকসেও একই অবস্থা। এ ছাড়া ওই এলাকার আরও পাঁচটি ভাটায় গিয়ে একই অবস্থা দেখা যায়।
হরিণখোলার এমআরএস ব্রিকসের ব্যবস্থাপক আবুল বাশার জানান, ‘সারা দেশে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। আমরা পোড়ালে আপনাদের সমস্যা কী ?’
খেজুরডাঙ্গার এমপি ব্রিকসের মালিক মহিদুল ইসলাম জানান, ভাটায় প্রথমে আগুন দিতে কয়েক মণ কাঠ ব্যবহার করতে হয়।
ইট পোড়ানোর জন্য কাঠের ব্যবহার করার কথা অস্বীকার করে একই গ্রামের খোদেজা ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আব্দুর রহমান জানান, তুষ ও কাঠের সঙ্গে কয়লা দিয়ে মূলত ইট পোড়ানো হচ্ছে। তবে প্রতিদিন ভাটায় আগুন দিতে ৪০-৫০ মণ কাঠ ব্যবহার করা হয়ে থাকে বলে জানান।
জেলা ভাটা মালিক সমিতির সভাপতি আব্দুস সবুর জানান, কাঠ দিয়ে ইট পোড়ানো আইনত দণ্ডনীয়। মালিক সমিতি সব ভাটা মালিককে এ ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এর পরও যদি কেউ কাঠ দিয়ে ইট পোড়ায় সে দায়দায়িত্ব তার।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান জানান, ইতিমধ্যে ইট ভাটা মালিক সমিতির সঙ্গে সভা করে বলা হয়েছে পরিবেশ আইন মেনে ইট পোড়ানোর জন্য। তার পরও যারা ভাটায় কাঠ ব্যবহার করছে, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।